কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাস্তার পাশের
খাস জমি দখল নিয়ে সৃষ্ট বিরোধে অগ্নিদগ্ধে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায়
মৃত বেড়ে ৩ হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ মে) সকাল পৌনে ৮টায়
রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যাওয়া ব্যক্তির
নাম ফারুখ মন্ডল (২৫)। চিলমারী গ্রামের মৃত দিনু মন্ডলের ছেলে তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি
মজিবুর রহমান ।
দুই পক্ষের সংঘর্ষে এক পক্ষের ঘর-বাড়িতে
প্রতিপক্ষের দেয়া আগুনে গুরুতর অগ্নিদগ্ধ হন ৬ জন। এর আগে ৩০ এপ্রিল দুজন মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭
এপ্রিল চিলমারী ইউনিয়ন জুড়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। প্রায় সারা
দিন ধরে চলা সংঘর্ষের এ পর্যায়ে এক পক্ষ অন্য পক্ষের পাঁচটি ঘরে অগ্নিসংযোগ করে। এতে
প্রায় ২০ জন অগ্নিদগ্ধ হন। এ সময় হামলাকারীরা ওই সব বাড়ি থেকে গবাদিপশু, আসবাবপত্র
ও অন্যান্য সম্পদ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে কেটে ফেলে গাছপালা। পরে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অগ্নিদগ্ধদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে
চিকিৎসা দেয়া গেলেও ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় রাজধানীর শেখ হাসিনা
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
ওই রাতেই ভুক্তভোগীদের পক্ষ থেকে মোজাম্মেল
মণ্ডল নামে এক ব্যক্তি বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যাচেষ্টা ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগসহ
বিভিন্ন ধারায় ৭৩ জনের নাম উল্লেখসহ ১২০ জনের নামে মামলা করেন। মামলার প্রধান আসামি
করা হয় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চিলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেলী দেওয়ানকে।
পরে র্যাব অভিযান চালিয়ে ১৩ আসামিকে গ্রেফতার করে।
আসামিদের গত ২৯ এপ্রিল আদালতে সোপর্দ করা
হলে জেলে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পরদিন দুপুরে আদালত শেলী দেওয়ানের জামিন মঞ্জুর
করেন। অন্যরা জেলে রয়েছেন।
এদিকে আরেকজনের মৃত্যুর পর আবারো উত্তপ্ত
হয়ে উঠতে শুরু করেছে চিলমারীর পরিস্থিতি। আজ সকালে ইউনিয়নের সড়কের মোড়ে মোড়ে দুই পক্ষের
লোকজনতে সমবেত হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে।










