বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকে ভূষিত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মা নাজমা রহিম মারা গেছেন।

বুধবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী নাজমা রহিম।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।  মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর গোর-এ- শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ্ মাঠে প্রথম জানাজা এবং দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমা নাজমা রহিমের দাফন কার্য সম্পন্ন হবে।