খুলনায় একটি বাড়িতে ঢুকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বয়রার আজিজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনার পর চাঁদাবাজি ও মারধরের অভিযোগে শুক্রবার সকালে মামলা করেছেন ভুক্তভোগী ইফতেয়ার উদ্দিন। মামলায় ওই চার শিক্ষার্থীকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা সবাই খুলনার বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন।

মিজানুর রহমান বলেন, ইফতেয়ার ওই বাড়িতে ভাড়ায় থেকে অনলাইনে জুয়ার ব্যবসা করেন, এমন অভিযোগ এনে ওই চারজন রাতে তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় দুই লাখ টাকা দাবি করে তাকে মারধরও করে ওই শিক্ষার্থীরা। চাঁদা না দেয়ায় এক পর্যায়ে ঘর থেকে স্বর্ণালংকার লুট করা হয়।

এ সময় ইফতেয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে চার শিক্ষার্থীকে আটক করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ওই চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।