বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নয় এবং ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবলকে সর্তক থাকতে হবে।
শনিবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলের প্রয়াত নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ স্মরণসভার আয়োজন হয়।
সভায় ড. মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী করে না। বরং ধৈর্য, সহনশীলতা ও সহঅবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।
তিনি আরো বলেন, যারা অতীতে অন্যায় করেছে, তাদের কৃতকর্মের জন্য আমরা কোনো অনুশোচনা দেখিনি। তারা এখন বিদেশি শক্তির সহায়তায় আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি পরিবার দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হরণ করেছে এবং অর্থ পাচার ও লুটপাট চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী রমজানের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কোনো অন্যায় বা দুর্নীতির সঙ্গে আপস করবে না। জনগণের অধিকার নিশ্চিতে একটি জনভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ অনেকে।















