রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তারা হলেন মো. শুক্কর, মো. জিহাদ, রাহিম ও সুমন। আজ শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
মিরপুর থানা সূত্র জানায়, শুক্রবার গোপন সংবাদের মাধ্যমের জানা যায়, ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রলীগের নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়।
ডিএমপি জানায়, তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।










