বেশি
লাভের জন্য ভারতীয় নিম্নমানের চিনি প্রসিদ্ধ একটি ব্র্যান্ডের মোড়কে মজুদের অপরাধে মানিকগঞ্জে এক ব্যবসায়ীকে আড়াই
লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকালে শহরের দুধবাজারে এ অভিযান পরিচালনা
করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মাসুদ খান আসন্ন রমজান মাসে অধিক মুনাফার লোভে ভারতীয় নিম্নমানের চিনি ব্র্যান্ডের মোড়কে বাজারজাতের জন্য মজুদ করেন। তার গুদাম থেকে তীর ব্র্যান্ডের ৪৩৪ বস্তা ও ফ্রেশ ব্র্যান্ডের ৬৬ বস্তা চিনি পাওয়া যায়। পরীক্ষা করে দেখা গেছে প্রতি বস্তায় ৫০ কেজি করে সেখানকার ২৫ টন চিনিই নিম্নমানের। এসব নিম্নমানের চিনি অধিক দামে বিক্রির উদ্দেশ্যে প্রসিদ্ধ কোম্পানির ছবিযুক্ত বস্তায় ভরা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, আসন্ন রমজান মাসে অধিক মুনাফার আশায় নিম্নমানের এসব চিনি তীর ও ফ্রেশ ব্র্যান্ডের বস্তায় ভরে গুদামে মজুদ করা হয়। ভারতীয় এসব চিনি টাঙ্গাইল থেকে কিনে এনেছেন বলে জানান ওই ব্যবসায়ী।










