ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৫ মার্চ) বনানীর হোটেল শেরাটনে জাহাজ শিল্পের এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া। সেটা তো চলতেই থাকবে, তাই না? বিচারিক প্রক্রিয়া হচ্ছে যে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়া চলেছে, চলবে। সেটাতে শেখ হাসিনার শাস্তি তখন হবে, তার পরেও হবে। তার (শেখ হাসিনা) অনেকগুলো মামলা আছে, এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটার সমাধান হতেই থাকবে। কিন্তু এ বিচারিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এ বিচারিক প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই।
আমীর খসরু বলেন, আজকে এটার জন্য নির্বাচন হবে না, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য হবে না। এরকম কত কথাই তো শুনতেছি। এসব কথা-বার্তা বলে নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেয়ার কোনো সুযোগ নেই, এটা পরিষ্কার কথা। আজকে একটা, কালকে আমরা আরেকটা বক্তব্য রাখব। এসব বলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।
তিনি বলেন, গত ১৬ বছর আমরা নির্যাতিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করার উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে। তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে।










