ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের সাইদুল মৃধা (২৫) ও সোহেল (২৭) নামে নিখোঁজ দুই যুবকের সন্ধানে মানববন্ধন করেছে তাদের পরিবার ও এলাকাবাসী। দীর্ঘ ছয় মাস ধরে ওই দুই যুবক নিখোঁজ। গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দাঁড়িয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন নিখোঁজ দুই যুবকের পরিবার ও এলাকাবাসী।
নিখোঁজ সাইদুলের বাবা বাবুল মৃধা জানান, সাইদুল ও প্রতিবেশী সোহেলকে ২০ এপ্রিল সুতারপাড়া গ্রামের চঞ্চল মোল্লা ও সাজ্জাত মোল্লা কাজ দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। তাদের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে সাইদুলের মা ২৩ এপ্রিল দোহার থানায় জিডি করেন। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দোহার আমলি আদালতে সাজ্জাত মোল্লা ও চঞ্চল মোল্লাকে আসামি করে মামলা করেন সাইদুলের মা।










