বিভাগীয় গণসমাবেশের পর ফেরার পথে ময়মনসিংহ স্টেশন রোডে  আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিএনপির ২৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩৫০-৪০০ জনের নামে মামলা করা হয়। শনিবার দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ দাবি করেন, পলিটেকনিক মাঠের সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হামলা করে। এতে তিন পুলিশ সদস্য ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। পুলিশের কাজে বাধাদান ও হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এতে ২৩ জনের নাম ও আরো অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালনের জন্য নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত হন। সেখানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। সন্ধ্যার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে কয়েক শ’ নেতাকর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মুখোমুখি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী নগরীর কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় বিএনপির সমাবেশ থেকে ফেরত একদল নেতাকর্মী তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। 

এদিকে বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, তারা বাড়ি ফেরার উদ্দেশে স্টেশনে এলে কৃষ্ণচূড়া চত্বর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়।