কুমিল্লায় সাংবাদিক কাজী মীর আহমেদ মীরুর ওপর হামলা এবং তার মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরীকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিশাত জাহান চৌধুরী এ আদেশ দেন। সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু বণিক বার্তার কুমিল্লা জেলা প্রতিনিধি। অভিযুক্ত সাইফুল নগরীর শাকতলা এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ওরফে তন্ময় চৌধুরী নিজেকে ওয়ার্ল্ড ভিউ ট্যুরস অ্যান্ড ভিসা কনসালট্যান্সি নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পরিচয় দিয়ে স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসায় বিভিন্ন দেশে শিক্ষার্থী ও লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি সাংবাদিক মীরুর ছেলেকে স্টুডেন্ট ভিসায় কানাডা পাঠানোর প্রস্তাব করেন। তবে সাইফুল ইসলামের বিষয়ে খোঁজ নিয়ে মীরু জানতে পারেন, তার কোনো ভিসা সেন্টার নেই। ফলে তিনি সাইফুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ ঘটনার জেরে গত ৪ জুন সন্ধ্যায় সাংবাদিককে মারধর করে আহত করেন সাইফুল ও তার সহযোগীরা। একপর্যায়ে সাইফুল তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন।

এ ঘটনায় ৫ জুন রাতে সাংবাদিক মীর আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। ওইদিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরদিন আদালতের মাধ্যমে জেলে পাঠায়।