ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন বকচর এলাকার বাসিন্দা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাথী রুবী রহমান তার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল দুপুরে নবাবগঞ্জ প্রেস ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি বলেন, আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত।
আমার এলাকার বিএনপি-জামায়াতের মদদপুষ্ট নুরু পত্তনদারের সহায়তায় গত শুক্রবার সকালে নয়নশ্রী ইউনিয়নের বিপ্রতাশুল্যা এলাকার শান্তা আক্তার ও মিতু সুলতানা নামে দুই নারী আমার ক্রয় করা জমির মাটি জোরপূর্বক কাটতে যান।
এ সময় আমি বাধা দিলে তারা আমার ওপর হামলা চালায়।
এ বিষয়ে আমি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।
আমি হামলার ন্যায়বিচার কামনা করছি।
এ বিষয়ে নুরু পত্তনদার বলেন, আমি এ হামলার বিষয়ে কিছু জানি না, তবে পরে জানতে পেরেছি।
নবাবগঞ্জ থানা সূত্র জানায়, এ হামলার বিষয়ে থানায় অভিযোগ হয়েছে, তদন্ত চলমান রয়েছে।










