ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল, জিয়া মঞ্চ ফেনী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঞা সবুজ, ছাগলনাইয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আহমেদ, বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফুর রহমান, জাহিদ হোসেন কমল, ফুলগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব নরুল হুদা শাহীন, ছাত্রদল নেতা মুনির আহমেদসহ অন্য নেতারা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। দেশের কোটি কোটি মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াবাসী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।