চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার ডাকাতিয়া নদীর তীরে পতিত জমিতে বিদেশী ফলের বাগান গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ হেলাল উদ্দিন। তার বাগানে বিদেশী ৫৭ জাতের আম রয়েছে। এছাড়া রয়েছে ২৭ জাতের সাইট্রাস (কমলা, ম্যান্ডারিন, মাল্টা, লেমন), ২১ জাতের আঙুর, ১৪ জাতের লংগান ফল, চার জাতের রাম্বুতান, ম্যাগোস্টিন, সাত জাতের ড্রাগন ফল, লিচু, অ্যাভোকাডো, ক্যান্সার প্রতিরোধী করোসল, এপ্রিকট, মাম্মি সাপুটে, ব্ল্যাক সাপুটে, পামেলো ফল। রয়েছে আড়াই হাজারের বেশি বিদেশী আমগাছের চারা। আম চাষাবাদের স্থানটির নাম দিয়েছেন ফ্রুটস ভ্যালি এগ্রো। কাঁটাতারের বেষ্টনী দেয়া ফ্রুটস ভ্যালিতে গেলেই চোখে পড়বে গাছে ঝুলছে আম। কীটনাশক ছাড়াই সেখানে আম উৎপাদন করছেন হেলাল উদ্দিন।

উদ্যোক্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বিদেশে আম রফতানির প্রধান শর্ত ফ্রুট ব্যাগিং ব্যবহার। আম সতেজ রাখতে ৫০ গ্রাম ওজনের সময় থেকেই এখানে ফ্রুট ব্যাগিং করা হচ্ছে। খরচ কমিয়ে কীভাবে আবহাওয়াকে কাজে লাগিয়ে উচ্চমূল্যের বিদেশী আম চাষে লাভবান হওয়া যায় সে লক্ষ্যে কাজ করছি।’

তিনি বলেন, ‘গত বছর ফ্রুটস ভ্যালি এগ্রো থেকে ৪৭ জাতের আম বিক্রি করে প্রায় ৬ লাখ টাকা আয় করেছি। তবে এবার আরো ১০ জাতের আমের পরীক্ষামূলক চাষাবাদ বাড়িয়েছি। ৫৭ জাতের আম এখানে উৎপাদন করে বিক্রির লক্ষ্য রেখেছি প্রায় ৮ লাখ টাকা।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন, ‘মোহাম্মদ হেলাল উদ্দিনকে কৃষি গবেষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে, যাতে দেশব্যাপী তার সফলতার গল্প ছড়িয়ে পড়ে।’