লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মো. আকাশ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাঠালি গ্রামের মানিক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি নোয়খালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। সিএনজি চালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছি। ঘটনাস্থল পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি চালক ও ৫ যাত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে আহতদের মধ্যে আকাশ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ৬ জনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন বলে শুনেছি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










