নারায়ণগঞ্জে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও সিডি জব্দ করা হয়। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ ইলিয়াস আলী ওরফে মো. ইলিয়াস আলী দেহুন্দাভী (২৭)। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল সন্ধ্যায় র্যাব-১১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মো. মশিউর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ ইলিয়াস আলী কিশোরগঞ্জের করিমগঞ্জের চরদেহুন্দা এলাকার বাসিন্দা। ইলিয়াস আলী ২০১৩ সালে গাজীপুর অস্ট্রেলিয়া লিমিটেড কারখানায় চাকরি করা অবস্থায় জঙ্গিবাদে জড়িয়ে পড়েন এবং পরবর্তী সময়ে পুরোপুরিভাবে জঙ্গি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেন। দেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করাই চূড়ান্ত লক্ষ্য বলে জানান। এ লক্ষ্যে তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করেন এবং সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে নরসিংদী ও নারায়ণগঞ্জ এলাকায় সদস্য সংখ্যা বাড়ানোর জন্য টেলিগ্রাম আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভুয়া ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ইত্যাদি ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে। গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে আরো জানান, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার সশরীরে ও অনলাইনে মিলিত হয়ে সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার অপতত্পরতা চালিয়ে আসছিলেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।










