জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে আইসোলেশনে থাকা এক যুবক এবং রাজস্থলী উপজেলায় আরো এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে।

সূত্রে জানা গেছে, জেলার বাঘাইছড়ি উপজেলায় আইসোলেশনে থাকা ১৮ বছর বয়সী যুবক আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যান। অপরদিকে, রাঙামাটির রাজস্থলী উপজেলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ২১ বছর বয়সী এক যুবকের আকস্মিত মৃত্যু হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আহম্মেদ জানিয়েছেন, রোগীর শরীরে করোনার বেশ কিছু লক্ষণ ছিল। আমরা তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়েছি। রিপোর্ট পেলে করোনা আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাবে।

আর রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুইহ্লা অং মারমা জানিয়েছেন, ২১ বছর বয়সী ওই যুবক গত ৬ এপ্রিল চট্টগ্রাম থেকে নিজ বাড়ি বাঙ্গালহালিয়ায় আসেন। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

তিনি আরো বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালেও এলাকার খেলার মাঠে এবং বাজারে ঘুরতে গিয়েছিলেন তিনি। তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। যুবকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।

এর আগে গত ১৩ এপ্রিল শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন। তবে তার নমুনা পরীক্ষা করে রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা গেলেন।