রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদভুক্ত ১২টি বিভাগে শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। চলতি বছরের নিয়োগ নীতিমালা ও একটি নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানিতে আদালত এ স্থগিতাদেশ দেন।

বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ গত ২ জুন এ আদেশ দেন। রিটটি করেন রাবির উর্দু বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বুলবুল রহমান।

এতে বলা হয়, ২০২৫ সালের ১৫ এপ্রিল প্রকাশিত ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পদোন্নয়ন ও পদায়ন নীতিমালা’ ও এর ভিত্তিতে ৩০ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (নং ০১/২০২৫) এর শর্ত নং ১ তাকে আবেদন করতে বাধা দিচ্ছে। এটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২১ সালের ন্যূনতম যোগ্যতার গাইডলাইন লঙ্ঘন করছে বলেও রিটে অভিযোগ আনা হয়।

আদালত রুলে জানতে চেয়েছেন, কেন এই নিয়োগ নীতিমালা ও বিজ্ঞপ্তির শর্ত নং ১ বেআইনি ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না। একই সঙ্গে আদালত শর্তটি স্থগিত করে রিটকারীকে উর্দু বিভাগের প্রভাষক পদের জন্য আবেদন করতে অনুমতি দেন।

আবেদনকারী বুলবুল রহমান বলেন, ২০২৫ সালের পিএসসির বিজ্ঞপ্তিতে সব অনুষদের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ নির্ধারণ করা হয়েছে। অথচ কলা অনুষদের ফলাফল তুলনামূলক কম হয়। এভাবে একটি বড় অংশের মানবাধিকার ক্ষুণ্ন হচ্ছে। তাই রিট করেছি। যতদিন রুল নিষ্পত্তি না হবে, ততদিন শিক্ষক নিয়োগ বন্ধ থাকবে।

এ বিষয়ে উর্দু বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, শিক্ষক হতে হলে ভালো ফলাফল থাকা জরুরি। উর্দু বিভাগে আবেদনকারী ৫৭ জনের মধ্যে ৪৭ জনই শর্ত পূরণ করেছেন। তাদের মধ্যে অনেকের সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৪.০০। অথচ যিনি রিট করেছেন, তার সিজিপিএ ৩.৩৫। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক আব্দুর রহিম জানান, রিটকারী শিক্ষার্থীর অনার্সে সিজিপিএ ৩.৩৬ ও মাস্টার্সে ৩.৫০ এর বেশি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় দুটোতেই ৩.৫০ এর বেশি থাকতে হয়। তিনি ইউজিসির গাইডলাইন অনুযায়ী ৩.২৫ এর বিষয়টি তুলেছেন।

তিনি আরো বলেন, ১৯৭৩ সালের আইনে পরিচালিত চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নীতিমালাই চূড়ান্ত। ইউজিসির নীতিমালা বাধ্যতামূলক নয়। শিক্ষা ও গবেষণায় মান বাড়াতে বিশ্ববিদ্যালয় নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারে।

উল্লেলহ্য, রাবিতে বর্তমানে মোট বিভাগ ৫৯টি। এর মধ্যে কলা অনুষদে রয়েছে ১২টি বিভাগ— বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, সংগীত, ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত ও উর্দু।