আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাফাত উল্লা খান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে আগামী ৩ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
এ পদে যোগদানের পূর্বে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার ছিলেন। এর আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং খাতে ৩১ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকে গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় জুড়ে ইসলামী ও প্রচলিত ব্যাংকিং উভয় ক্ষেত্রেই ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট ও প্রসেস অ্যান্ড পলিসি মেকিং এর মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে তার রয়েছে বৈচিত্রময় কর্মজীবন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে তিনি নেপাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত সহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।










