গাজীপুরের কোনাবাড়ী এলাকার হানিওয়েল গার্মেন্টস কারখানার দুই কর্মকর্তাকে কাজে ফিরিয়ে আনার ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে অনির্দিষ্টকালের জন্য করখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও বন্ধ কারখানা চালুর দাবিতে গতকাল সকালে কারখানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

পুলিশ জানায়, কারখানার শ্রমিকরা ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। সোমবার তারা উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এ সময় কারখানার কয়েকজন শ্রমিককে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে ছাঁটাই করার গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ও প্রশাসনিক কর্মকর্তার অপসারণের দাবি জানান। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে রাতেই নোটিস টানিয়ে দেয় কর্তৃপক্ষ। গতকাল শ্রমিকরা কারখানায় এসে ওই নোটিস দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা কারখানার পার্শ্ববর্তী মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ও প্রশাসনিক কর্মকর্তার অসদাচরণের কারণে তারা তাদের অপসারণের দাবি জানিয়েছিলেন। মালিকপক্ষ ওই কর্মকর্তাদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু সোমবার ওই দুই কর্মকর্তা আবার কারখানায় যোগ দেন। এর জেরেই শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, ‘শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

তবে এ বিষয়ে কথা বলার জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।