দিনাজপুরের হিলিতে কার্পেটিংয়ের একদিনের মাথায় সড়কের পিচ উঠে যাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। গ্রামবাসীর অভিযোগ, কাজটি নিম্নমানের হওয়ায় সামান্য হাত দিতেই সড়কের পিচ উঠে যাচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, কার্পেটিংয়ের সময় বৃষ্টির কারণে এ সমস্যা হয়েছে। এদিকে সড়কের কাজে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী।
জানা গেছে, খট্টামাধবপাড়া ইউনিয়নের হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া মোড় থেকে গ্রামের ভেতর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ২৪ লাখ ৯৫ হাজার টাকার কাজটি পায় দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ। গত বৃহস্পতিবার সড়ক কার্পেটিংয়ের কাজ শেষ করে প্রতিষ্ঠানটি। কিন্তু একদিনের মধ্যেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ধরে পিচ উঠে যাচ্ছে।
মতিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মতিন বলেন, ‘কার্পেটিংয়ের সময় বৃষ্টিপাতের কারণে কিছু জায়গায় সমস্যা হয়েছে।’
এ বিষয়ে হাকিমপুর উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ‘৪০-৫০ মিটার সড়কে এ সমস্যা হয়েছে। যেসব স্থানে সমস্যা হয়েছে তা ঠিকাদারকে ঠিক করে দিতে হবে। না করলে বিল দেয়া হবে না।’










