ফেনীতে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে হান্নান হোসেন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোম প্লাস সুপারশপ সংলগ্ন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান হোসেন নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বেলাল হোসেন। দুই থেকে তিন বছর ধরে তিনি ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হান্নান সকালে ১০ তলার ছাদে সেন্টারিং খোলার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।










