ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় আবু তালেব (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করে গাংনী থানায় সোপর্দ করা হয়।

আবু তালেব গাংনীর গাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশীদের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আবু তালেব ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেন।  ৫০ সেকেন্ডের মধ্যে এ ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনার পরে গাংনী উপজেলার শেখ আনিছুজামান লুইচ বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। বুধবার রাতে আবু তালেব গাংনী উপজেলার সহোগলপুরে অবস্থান করছেন মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আবু তালেবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে। এ মামলায় আজ সকালে তাকে মেহেরপুর আদালতে তোলা হয়েছে।