জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির সাত প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
জামায়াতের বাকি ছয় নেতা হলেন—নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।
জানা গেছে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি আবেদন করেছিলেন।
সেই আবেদনে দলটির সাতজন শীর্ষ নেতা এবং সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য যথাযথ নিরাপত্তার অনুরোধ জানানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে।















