চাঁপাইনবাবগঞ্জের টিকরামপুরে মেধাবী ছাত্র সাব্বির ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল সকালে শহরের বারঘরিয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এসে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাব্বিরের বাবা মনিরুল ইসলাম, মা শেফালী বেগম, শিক্ষক আজমল হোসেন, শিক্ষার্থী আব্দুর রাহিম, পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ জুলাই বিকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়া এলাকায় মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির (২০) নিহত হন। নিহত সাব্বির চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যরা এখনো ধরা পড়েনি।