মাইলস্টোনে বিমান ধসে আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছিল মাইলস্টোনের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরীকে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে মাহরীন চৌধুরীর স্বামী বণিক বার্তাকে বলেন, আমার স্ত্রীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। আইসিইউতে নেয়া হয়েছে। তার কাঁধ থেকে পা পর্যন্ত পুড়ে গেছে। কিন্তু আমার স্ত্রী আমাকে তখনো চিনতে পেরেছিল। এসব বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মাহরীন চৌধুরীর ছোট ভাই রাত দশটার দিকে ফেসবুকে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহরিন আপু আমাদের মাঝে নেই। আমার বড় বোন যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন—তিনি আজ চলে গেলেন।
তিনি মাইলস্টোনে কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। ভবনে আগুন লাগার সময় তিনি নিজে আগে বের হননি—বরং যতজন শিক্ষার্থীকে পারা যায়, তাদের বের করে দেয়ার চেষ্টা করেছেন। শেষমেশ তিনি আগুনে পুড়ে যান। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। তিনি তার দুই সন্তানকে রেখে গেছেন।‘















