জমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের ভালুকা উপজেলার আউলিয়ারচালা গ্রামের সানোয়ার হোসেন নামের এক ব্যক্তির চার শতাধিক কলাগাছ সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সানোয়ার বাদী হয়ে ভালুকা থানায় আটজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আউলিয়ারচালা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে সানোয়ার হোসেন ডাকাতিয়া মৌজার ৩৮ ও ৩৯ নং দাগে কলা বাগান করেন।
সোমবার সন্ধ্যায় ওই গ্রামের সোহরাব উদ্দিন, আবুল বাশার, বানেছা বেগম, আন্না খাতুন, সমলা খাতুন, কমলা খাতুন, শিরিনা খাতুন ও সুজন মিয়া দা দিয়ে সানোয়ারের কলা বাগানের চার শতাধিক কলাগাছ কেটে ফেলে।
সানোয়ার হোসেন জানান, ওই জমি আমরা ১০০ বছর ধরে ভোগদখল করে আসছি।
এক সপ্তাহ আগে সোরহাব উদ্দিন গং ওই জমির মালিকানা দাবি করে।
ঘটনার সময় আমি দোকানে ছিলাম।
ওই সময় সোহরাব উদ্দিন, আবুল বাসারের নেতৃত্বে প্রকাশ্যে আমার বাগানের ৪৫০টি কলাগাছ কেটে ধ্বংস করা হয়।
জমির মালিকানা দাবি করে বানেছা বেগম জানান, আমরা কলাগাছ কাটিনি।
সানোয়াররা নিজেরাই কলাগাছ কেটে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।
ভালুকা মডেল থানার এসআই বিকাশ জানান, জমি দখলের উদ্দেশ্যে সোহরাব গং কলাগাছ কেটে ফেলে।
এ ঘটনায় সানোয়ার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।










