বাংলাদেশী পাঁচ শিক্ষার্থী অংশ নিয়েছেন ২৯ তম আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (আইএমসি)-২০২২ এ। আজ সোমবার থেকে আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ায় শুরু হয়েছে এবারের আসর। চলবে আগামী রোববার পর্যন্ত।
এ আসরে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. হাসান কিবরিয়া, মেহেদী হাসান নওশেদ ও জুবায়ের রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাব্বির রহমান এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের অন্তনি রায় চৌধুরী।
বাংলাদেশ গণিত সমিতির নির্দেশনা এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এ প্রতিযোগিতায় বাংলাদেশী প্রতিযোগিরা অনলাইন প্লাটফর্মে যুক্ত হওয়ার কথা রয়েছে। তাদের কোচের দায়িত্ব পালন করছেন ঢাবি গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম।
আইএমসি প্রতিযোগিতা বিশ্বব্যাপী আয়োজিত একটি বার্ষিক প্রতিযোগিতা, যা স্নাতক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। প্রতিযোগিদের বসয়সীমা সর্বোচ্চ ২৩ বছর। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) আয়োজনে এ বছর বিশ্বের ৫০টিরও বেশি দেশ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় বীজ গণিত বিশ্লেষণ জ্যামিতি ও কমভিনেটরি থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।
বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও ঢাবি গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আমাদের সন্তানদের নিয়ে আমরা আশাবাদী। তারা ভালো কিছু করবে। এখন থেকে প্রতিবছর এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা হবে।










