চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একজন রোগীর দ্রুত ও টেকসই সুস্থতায় নার্সদের পেশাগত দক্ষতা, মানবিক আচরণ ও মানসিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণে নার্সিং সেক্টরের মানোন্নয়নে সরকারকে আরো বেশি বিনিয়োগ করতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) চট্টগ্রামের ফৌজদারহাটে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ‘ওয়ার্কশপ অন টিচিং মেথডলজি অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক ও মানসম্মত নার্সিং শিক্ষা বেকারত্ব হ্রাসের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে।
চট্টগ্রামে আন্তর্জাতিক মানের একটি নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। নার্সদের উদ্দেশে মেয়র বলেন, ওষুধ প্রদানের পাশাপাশি ওষুধের উদ্দেশ্য, গুরুত্ব ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া রোগী ও স্বজনদের বুঝিয়ে বলা নার্সদের দায়িত্ব।
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে সমাপনী দিনে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিছা খানম ও রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ডা. আফরোজা হক।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএমডিসি এর সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজউদ্দিন মানিক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়ন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম।
অনুষ্ঠানে আরো ছিলেন বিআইটিআইডি'র অধ্যাপক ডা. মামুনুর রশিদ, ডা. এস এম সারোয়ার আলমসহ বিভিন্ন নার্সিং কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা।
বাংলাদেশে এবারই প্রথম চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নার্সিং পেশার শিক্ষকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হলো।










