তিনি বলেছেন, দেশ আমাদের সবার। দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেয়া হবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

গতকাল নেত্রকোনা সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির সাদেক আহমদ হারিছ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় স্বার্থের প্রশ্নে বিভেদ নয়, বরং সম্মিলিত উদ্যোগই দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে পারে।’

সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি দেশের ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে সবাই ‘বিজিবি’ হয়ে দাঁড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু মাদকসেবীরা নয়, যারা মাদক উৎপাদন, পাচার, ব্যবসা ও পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত, তারাই সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি।’ মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ, প্রশাসন, রাজনৈতিক দলসহ সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের ধীরগতির উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘আমাদের দেশের উন্নয়নকাজ বছরের প্রথম ৯ মাস গুইসাপের গতিতে চলে, আর শেষ তিন মাস রকেটের গতিতে চলে।’ উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।