বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গতকাল সন্ধ্যায় দুইদিনের হরতাল শিথিলের ঘোষণা দিয়ে চারদিনের ধারাবাহিক কর্মসূচির ঘোষণ দেন কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী রোববার জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালতে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরদিন সোম থেকে বুধবার পর্যন্ত সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
শেখ মো. ইউনুস বলেন, ‘আমাদের পূর্বঘোষিত হরতাল গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস-আদালত ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আর সোম, মঙ্গল ও বুধবার সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা করে হরতাল চলবে। তবে রাতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।’
এদিকে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল থেকে সড়কে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে, বেঞ্চ ও গাড়ি রেখে সড়ক অবরোধ করে রাখেন হরতাল সমর্থকরা। এতে জেলার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়ে। আন্তঃজেলা পরিবহন ও পণ্যবাহী যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। বন্ধ হয়ে যায় মোংলা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রমও। ফলে পানগুছি ও মোংলা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ঢাকাগামী ও খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ ছিল।
এর আগে ৬ সেপ্টেম্বর প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি। সেই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি ঘোষণা করা হলো।
৩০ জুলাই দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকেই আন্দোলন শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণও করেন তারা। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে কমিশন।
গেজেট অনুযায়ী, সদর উপজেলা, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১ আসন হবে। আর ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে হবে বাগেরহাট-৩ আসন।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখন চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট ছিল বাগেরহাট-১ আসনে, সদর ও কচুয়া নিয়ে ছিল বাগেরহাট-২ আসন। এছাড়া রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-৩ এবং মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে ছিল বাগেরহাট-৪ আসন।










