এ সময়ে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক—তিন খাতেই লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আহরণসংক্রান্ত পরিসংখ্যান গতকাল এনবিআর প্রকাশ করেছে।

এনবিআর চলতি অর্থবছরের প্রথম আট মাসে ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। যদিও এর বিপরীতে আয় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা।

জুলাই-ফেব্রুয়ারি সময়ে শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও আয়কর—এ তিন খাতের মধ্যে কোনোটিতেই লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। গত আট মাসে এ খাতে ঘাটতি হয়েছে ৩৩ হাজার ৩৭৩ কোটি টাকা। ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে কেবল ৮৫ হাজার ১৩৬ কোটি টাকা আয়কর আহরণ হয়েছে। একই সময়ে শুল্ক বাবদ ৮৯ হাজার ৭৮ কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা ছিল এনবিআরের। যদিও এর বিপরীতে আহরণ হয়েছে ৭১ হাজার ৯১২ কোটি টাকার শুল্ক। এক্ষেত্রে ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ১৬৬ কোটি টাকা।

রাজস্ব আহরণের বড় অংশ আসে ভ্যাটের মাধ্যমে। এ খাতেও লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে পিছিয়ে রয়েছে এনবিআর। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে ৯৭ হাজার ২৮২ কোটি টাকার ভ্যাট আয় হয়েছে। যদিও লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১ লাখ ১৮ হাজার ২১৪ কোটি টাকার ভ্যাট আহরণের। এক্ষেত্রে ঘাটতি দাঁড়িয়েছে ২০ হাজার ৯৩২ কোটি টাকা।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার পাশাপাশি এককভাবে ফেব্রুয়ারির লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি। গত ফেব্রুয়ারিতে ৪২ হাজার ৫১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময়ে আহরণ হয়েছে ৩০ হাজার ৫৬১ কোটি টাকার রাজস্ব। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৪৯০ কোটি টাকায়।

লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আহরণ সম্ভব না হলেও গত অর্থবছরের তুলনায় এবার তা বেড়েছে। এক্ষেত্রে চলতি অর্থবছরের প্রথম আট মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এনবিআরের রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ১২ দশমিক ৩৬ শতাংশ। এর মধ্যে আয়করে ১২ দশমিক ৭১ শতাংশ, ভ্যাটে ১৪ দশমিক ৮৩ শতাংশ ও শুল্কে ৮ দশমিক ৮১ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত। এর মধ্যে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। অবশ্য গত বছরের ডিসেম্বরে সরকার সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা করে। এক্ষেত্রে এনবিআরের সংশোধিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫ লাখ ৩ হাজার কোটি টাকায়। সে হিসাবে লক্ষ্য পূরণ করতে হলে এনবিআরকে চলতি অর্থবছরের বাকি চার মাসে আহরণ করতে হবে ২ লাখ ৪৮ হাজার ৬৭০ কোটি টাকার রাজস্ব। এক্ষেত্রে প্রতি মাসে গড়ে ৬২ হাজার ১৬৭ কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে।