নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এ শঙ্কা দূর করে আস্থা ফিরিয়ে আনতে সরকার ও নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
গতকাল খুলনায় নাগরিক প্লাটফর্মের উদ্যোগে আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানুষের প্রত্যাশা ও প্রত্যাশা পূরণের পদ্ধতি নিয়ে খুলনা নগরের একটি অভিজাত হোটেলে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়। সাত বিভাগীয় শহরসহ গুরুত্বপূর্ণ জেলা সদরে একই ধরনের পরামর্শ সভা করছে প্লাটফর্মটি।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে নাগরিক ইশতেহার তৈরির কাজ চলছে। নাগরিকদের কণ্ঠস্বর রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতে হবে। শুধু ইশতেহারে সংযুক্ত হলেই তা বাস্তবায়ন হয় না; তাই সবারই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
চট্টগ্রাম বন্দরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থনৈতিক সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বন্দর ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। এজন্য বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন হতে পারে। কিন্তু সঠিক সংস্কার যদি বেঠিক পদ্ধতিতে হয়, তাহলে সংশ্লিষ্ট সংস্থা কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে অস্বচ্ছতা ও ধীরগতি দেখা যাচ্ছে, তার কারণে আমরা সুফল থেকে বঞ্চিত হব।’
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা অংশ নেন। সেখানে কর্মসংস্থান, উপকূলীয় অঞ্চলের মানুষের সুবিধা বৃদ্ধি, সুন্দরবন সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন দাবি উঠে আসে। নাগরিক সমাজের প্রতিনিধিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মৌলিক সংস্কার, সুশাসন নিশ্চিতে সরকারকে কার্যকর ভূমিকার রাখার তাগিদ দেন।










