নড়াইলে প্রস্তাবিত ‘চাঁচুড়ী-পুরুলিয়া উপজেলা’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে চাঁচুড়ী বাজারের নড়াইল-কালিয়া সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এখানে একটি উপজেলা বাস্তবায়িত হলে এ এলাকার শিক্ষা, সংস্কৃতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে উন্নয়ন সহজতর হবে।

সমাবেশে পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হীরক, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আলী আকবর হোসেন প্রমুখ।

জানা গেছে, কালিয়া উপজেলার চাঁচুড়ী, পুরুলিয়া, বাবরা-হাচলা, পেড়লী, মাউলী ও পাঁচগ্রাম ইউনিয়নের আর্থসামাজিক অবস্থা ও যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক। এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ভালো না। এ কারণে ছয়টি ইউনিয়ন নিয়ে এলাকার মানুষ ২০১১ সাল থেকে একটি নতুন উপজেলার দাবি জানিয়ে আসছে।