খুলনার বটিয়াঘাটা উপজেলার দুটি গ্রামে ২ শিশুর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের জেলার ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য জানান।

শিশু দুটির ব্যাপারে সুহাস রঞ্জন জানান, গত শনিবার বিকেলে বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী গ্রামে আমীর হামজা ও একই দিন বিকেলে হোগলবুনিয়া গ্রামে সুমন বালা ৯ মাস বয়সী এক শিশুর করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমনের মা সুজাতা এর আগে করোনায় আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।

ডা. সুহাস বলেন, এর আগের করোনায় বেশ কয়েকটি শিশু আক্রান্ত হয়। তবে তাদের হাসপাতালে ভর্তির করার প্রয়োজন হয়নি। নিজেদের বাড়িতেই চিকিৎসা নিয়েছিল তারা। এই প্রথম করোনা আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হলো। 

খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, এর আগে করোনা আক্রান্ত কোনো শিশু হাসপাতালে ভর্তি হয়নি। তাই এখন পর্যন্ত কত শিশু বিভাগে আক্রান্ত হয়েছে সেই পরিসংখ্যান তার দপ্তরে নেই।