গতকাল ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, ‘যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরো গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে মানবতা আজ এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে আছে।’
তিনি উল্লেখ করেন, সংঘাতের ফলে বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুরা প্রাণ হারাচ্ছে; ধ্বংস হচ্ছে বাড়িঘর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে বিপন্ন হয়ে পড়ছে মানুষের মৌলিক চাহিদা ও জীবনযাত্রা।
তিনি বলেন, ‘এটি কেবল একটি আঞ্চলিক সংকট নয়; বরং সমগ্র মানবজাতির জন্য একটি গভীর নৈতিক চ্যালেঞ্জ। চলমান যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে, যার সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দরিদ্র দেশগুলোকে। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরো ঝুঁকির মুখে পড়ছে।’
বিবৃতির শেষে ড. ইউনূস বলেন, ‘এটি কেবল ভূরাজনীতি বা ক্ষমতার প্রতিযোগিতার বিষয় নয়; বরং মানবসভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। তাই বিশ্বকে যুদ্ধ নয়, শান্তি; হামলা নয়, সংলাপ এবং বিভাজন নয়, ঐক্যকে বেছে নিতে হবে।’










