বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালী পাড়ার মৃত ঞোমং তংচঙ্গ্যার ছেলে অংক্যমং তংচঙ্গ্যা (৪০), একই পাড়ার শৈনিঅং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২) এবং মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিংক্য তংচঙ্গ্যা (৩৪)।
পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলারসংলগ্ন বাইশফাঁড়ি এলাকায় নিজেদের কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এসময় ওই এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে অংক্যমং তংচঙ্গ্যা নামে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, এ বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










