নড়াইলে হালিমা বেগম নামে প্রতিবেশী এক নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার সলেমান সরদারের ছেলে সেলিম সরদার। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন সলেমান সরদারের স্ত্রী মোমেনা বেগম ও একই এলাকার কবির খানের ছেলে সাজ্জাদ খান। এর মধ্যে আসামি মোমেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশী হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভুক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। পরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন হালিমা বেগম। পরের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিমা।










