ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই সাখাওয়াত হোসেন সোহাগ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালক গুরুতর আহত হন।
শুক্রবার (১ নভেম্বর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন সোহাগ ত্রিশাল পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুল কাদের লাল মিয়ার ছোট ছেলে। সে ত্রিশাল সরকারি নজরুল কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান রাগামারা এলাকায় অটোরিকশা করে যাচ্ছিলেন সোহাগ। বাগান কনজুমার নিটেক্স কোম্পানির সামনে এসে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহাগ মৃত্যুবরণ করে।
এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










