স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২০-২১ অর্থ বছরে জয়পুরহাট জেলায় ৩৩ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

এলজিইডি সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প গুলোর মধ্যে রয়েছে ১৩ কোটি ৩ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ২৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ, ১৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭৫ কিলোমিটার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ, ৬৫ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে প্রায় ১শ’ ৬৮ মিটার ব্রীজ কালভার্ট নির্মাণ এবং মেরামত ও রক্ষানাবেক্ষণ কাজ, ৪১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ১০ টি মসজিদ সংস্কার ও উন্নয়ন, ১ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ১ টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৫টি গ্রামীন বাজার উন্নয়ন, ১ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে ২শ’ ৫৪ মিটার ব্রীজ নির্মাণ ও পুনঃ নির্মাণ এবং ২৩ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ক্ষুদ্র পানি সম্পদ এর আওতায় সমবায় সমিতির অফিস ঘর নির্মাণ এর উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।

এলজিইডি জয়পুরহাট এর সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল মতিন জানান, ‘মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ স্লোগানকে সামনে রেখে এলজিইডি নিজস্ব অর্থায়নে মুজিববর্ষ উপলক্ষে সড়কের রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হয়েছে।

জয়পুরহাট জেলায় এ পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার সড়ক মেরামত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্য বাস্তবায়নে কাজের গুনগতমান নিশ্চিত করতে এবং সড়ক রক্ষনাবেক্ষনে জেলার সড়কের টপ সোল্ডার মেরামতের কাজে নিয়োজিত ৪ শ’ ১৩ জন শ্রমিক রয়েছে। এতে অসহায় মহিলা শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে সংসার পরিচালনা করছে।

এসব কাজের গুনগতমান বিষয়ে এলজিইডি জয়পুরহাট এর নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন হোসেন জানান, করোনা পরিস্থিতির মধ্যেও স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের এসব উন্নয়ন মূলক কার্যক্রম সার্বক্ষণিক তদারকি ও ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে কাজ করা হয় এবং কাজের গুনগতমান নিশ্চিত করে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিল প্রদান করা হয়।