মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নীরব হোসেন (১৭) নামের দশম শ্রেণীর এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নীরব একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। সে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরিক্ষার্থী ছিল। 

নিহতের স্বজনের অভিযোগ, বিদ্যালয়ে এক ছাত্রীকে ইভ টিজিংয়ের প্রতিবাদের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভাগ্যকুল ইউনিয়নের কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। নীরব হোসেন ও তার বন্ধু সাব্বিরসহ অনেকে এতে অংশ নেয়। অনুষ্ঠানে কয়েকজন এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে এর প্রতিবাদ করে নীরব হোসেন ও তার বন্ধুরা। এ নিয়ে উভয় পক্ষের বিবাদ স্থানীয় চেয়ারম্যান পর্যন্ত গড়ায়। 

ওই ঘটনার জের ধরে গতকাল কামারগাঁও এলাকায় বিদ্যালয়ের পাশে একা পেয়ে নীরবের ওপর অতর্কিত হামলা চালায় বাঘড়া এলাকার ১০-১৫ যুবক। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়বীর জানান, পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নীরব হোসেনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।