রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাকের চাঁপাই পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) সকাল ৭.৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। নিহতরা কলা ব্যবসায়ী বলে ধারণা করছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম।
নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু, রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। আর আহতের নাম পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী।
পুলিশ জানান, ঝলমলিয়ায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহতদের মধ্যে একজনের মরদেহ বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের মরদেহ পায়। এ নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসেরা কর্মীরা উপস্থিত থেকে কাজ করেন। সেখানে তিনটি মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।










