পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার তিনটি সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া, অমরখানা ইউনিয়নের টোকাপাড়া এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শুকানি সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। তাদের মধ্যে ছয়জন পুরুষ, চার নারী ও আটটি শিশু রয়েছে।

পুশ-ইন হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের গুজরাট থেকে আটক করে বিমানে করে শিলিগুড়ি বিমানবন্দর এনে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয়।

বিজিবি জানায়, বিএসএফ সদস্যরা চাকলাহাট ইউনিয়নের প্রধানপাড়া সীমান্ত দিয়ে সাতজনকে পুশ-ইন করে। পরে সকালে জয়ধরভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এছাড়া অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্ত দিয়ে ছয়জনকে পুশ-ইন করা হয়। টোকাপাড়া বিওপির টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

অন্যদিকে তেঁতুলিয়া উপজেলায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি বিওপি এলাকা দিয়ে আরো পাঁচজনকে পুশ-ইন করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল তাদের আটক করে। তাদের মধ্যে ১৩ জনকে পঞ্চগড় সদর থানায় ও পাঁচজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে।’

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের শুকানি ক্যাম্প এলাকা দিয়ে পাঁচজনকে পুশ-ইন করা হয়। আমরা তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেছি।’