আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফেনীর সোনাগাজী থানার পুলিশ। গতকাল ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের হাতে গ্রেফতার এক আসামি, অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে গেছে।
পুলিশ সূত্র জানায়, সোনাগাজী মডেল থানার সহকারী উপপুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতিসহ একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপনকে (৩৮) গ্রেফতার করে। তবে গ্রেফতারের পর আসামির স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের অস্ত্র ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে আসামিকে ছাড়িয়ে নিয়ে যায়। হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনার পর সোনাগাজী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার আরো পুলিশ সদস্যরা অভিযানে নেমে জাহেদুল ইসলাম রিপনকে আবার গ্রেফতার করতে সক্ষম হয়। সোনাগাজী মডেল থানা ওসি সাইফুল ইসলাম বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’










