জামালপুরে বিদ্যুত্স্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে দেওয়ানগঞ্জে ও বিকালে বকশীগঞ্জে এ দুটি দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন কাঠমিস্ত্রি আবদুর রশিদ (৩৫) ও কৃষক গোলাপ হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামের সিক্কু আলীর ছেলে কাঠমিস্ত্রি আবদুর রশিদ ও তার সহযোগী আকরাম হোসেন একই গ্রামের মজিবর রহমানের বাড়িতে একটি ঘর সংস্কার করতে যান। এ সময় ঘরের বেড়ার সঙ্গে লেগে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আবদুর রশিদের মৃত্যু হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার সহযোগী আকরাম হোসেন ও ঘর মালিক মজিবর রহমান আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বিদ্যুত্স্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে গতকাল সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া এলাকায় বিদ্যুত্স্পৃষ্টে কৃষক গোলাপ হোসেন মারা যান।

স্থানীয়রা জানান, কৃষক গোলাপ হোসেন সকালে তারাটিয়া সেলিম মাস্টারের  বৈদ্যুতিক সেচ পাম্পে কাজ করতে যান।  সেচ পাম্প চালু দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে আহত হন তিনি। তার ডাক-চিত্কারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। গোলাপ হোসেন পাররামরামপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের লাল চাঁনের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর এ তথ্য নিশ্চিত করেছেন।