সিলেটের জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জাফলংয়ের মামার বাজার এলাকার আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের জাবেদ আহমদ।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, আটকদের জেল হাজতে পাঠানো হয়েছে। পাথর লুটের ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরার জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

অভিযোগ রয়েছে, চলতি মাসের ৭, ৮ ও ৯ তারিখে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিনদিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

এ ঘটনায় সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে ১৮ আগস্ট গোয়াইনঘাট থানায় মামলা করেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত ২৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।