পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে বরিশালে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। যার কারণে বরিশালের নগরীতে বেশির ভাগ সময় যানজট দেখা দেয়। এতে বিপজ্জনক হয়ে উঠেছে বরিশালের সড়কগুলো। এ কারণে বরিশাল অংশের ১২ কিলোমিটার মহাসড়কের সম্প্রসারণ কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। পুরো ১২ কিলোমিটার মহাসড়কে রয়েছে শত শত অবৈধ স্থাপনা।
জানা গেছে, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ২০০ কিলোমিটার মহাসড়কটি ২৪ ফুট প্রশস্ত। পদ্মা সেতু উদ্বোধনের পর এ মহাসড়কে যানবাহনের অধিক চাপের কারণে শ্লথ হয়ে গেছে গতি। বিশেষ করে বরিশাল নগরীর উত্তরাংশের প্রবেশদ্বার গড়িয়ারপাড় থেকে দক্ষিণের দপদপিয়া সেতু পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কে প্রতিদিন অসহনীয় যানজট লেগে থাকে। জনদুর্ভোগ কমাতে এ মহাসড়কের ১২ কিলোমিটার সম্প্রসারণে ৫২ কোটি টাকা বরাদ্দ দেয় সড়ক মন্ত্রণালয়। সম্প্রতি ওই ১২ কিলোমিটার মহাসড়ক সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, ‘আমরা সড়ক প্রশস্তকরণ কাজ শুরু করেছি। সড়ক প্রশস্তকরণে যে বাধাগুলো আছে, সেগুলো তালিকা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।ম্যাজিস্ট্রেট নিয়োগও হয়ে গেছে। শিগগিরই আমরা উচ্ছেদ অভিযানে যাব।’










