কুমিল্লা সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক পাঁচ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
সোমবার (২৫ আগস্ট) বিকালে কুমিল্লা গীতাবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। বণিক বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
ফেরত দেয়া নাগরিকরা হলেন— নওগাঁর পত্নীতলার রগুনাথপুরের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), একই উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঁঞার ছেলে সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহনগর গ্রামের মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০)।
কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক জানান, আটককৃতরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে বিএসএফ তাদের ফেরত দেয়ার উদ্যোগ নেয়। পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে আটককৃতদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাইবাছাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।










