নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রাম থেকে দুটি বিদেশী পিস্তল, নয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ জুয়েল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল ওই গ্রামের হাসান আলী মিঝি বাড়ির আব্দুর রবের ছেলে। সে স্থানীয় টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি করেছে পুলিশ।
গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম তার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ২৯ নভেম্বর বেগমগঞ্জের কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী পুনরায় সক্রিয় হচ্ছে, এমন গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশও তত্পর রয়েছে। উদ্ধার হওয়া এসব অস্ত্র আগামী নির্বাচনে ব্যবহার করার সম্ভাবনা ছিল বলেও মনে করছে পুলিশ।
পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তার রিমান্ড চাইবে পুলিশ।










