৩৫ বছর ধরে অচল থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল তফসিলসংক্রান্ত বিস্তারিত তথ্য ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত তফসিল বিবরণীতে বলা হয়, আগামী ৩১ জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৬ আগস্ট, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ৭ আগস্ট, ভোটার তালিকায় নিষ্পত্তি ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট।
বিবরণীতে আরো জানানো হয়, মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২১, ২৪ ও ২৫ আগস্ট, মনোনয়নপত্র বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর। এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর এবং ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি আবাসিক হলে ভোট গ্রহণ হবে এবং ওইদিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পর নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সব স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলেই আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। অংশীজনের কাছে অনুরোধ থাকবে, নির্বাচন–সম্পর্কিত যেকোনো বিষয় আপনারা পর্যবেক্ষণ করবেন।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। সর্বশেষ রাকসু নির্বাচন হয় ১৯৮৯ সালে। এরপর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়।










