সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন জাফলংয়ের মামার বাজার এলাকার আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের জাবেদ আহমদ।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পাথর লুটের ঘটনায় দায়ের করা মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগ রয়েছে, ৭, ৮ ও ৯ আগস্ট জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০-৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট সদর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, জাফলং জিরো পয়েন্ট থেক লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত ২৫ হাজার ঘনফুট উদ্ধার করা হয়েছে। সেগুলো পরে জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়। অবৈধভাবে বালি ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।